শনিবার, ২৯ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্পোর্টস ডেস্ক ঃ হকি অঙ্গনে চলমান সংকট নিরসনে এবার ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহর পদত্যাগ দাবি করলেন ফেডারেশনের বর্তমান সহ সভাপতি আব্দুর রশিদ শিকদার। পাশাপাশি, খেলোয়াড়দের স্বার্থ বিবেচনা করে হকির এই অচলাবস্থার দ্রুত সমাধান চান হকির সাবেক তারকারা।
দেশের হকির চলমান সংকট যেন কোনোমতেই কাটছেই না। আর সেকারণে এ মৌসুমে দেশের ঘরোয়া হকির সবচেয়ে বড় আসর প্রিমিয়ার ডিভিশন হকি লিগের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। বিদ্রোহী ক্লাবগুলোর সাথে দ্বিধা বিভক্ত ফেডারেশনের কোন কর্মকাণ্ডই এ বিষয়ে আশার আলো দেখাতে পারছে না। ক্রীড়া প্রতিমন্ত্রী-উপমন্ত্রী থেকে শুরু করে সব রাঘব-বোয়ালদের প্রচেষ্টাও আপাতত রসাতলে যেতে বসেছে।
ফেডারেশনের সহ সভাপতি আব্দুর রশিদ শিকদার উপমন্ত্রীর নির্দেশে বিভিন্ন ক্লাবের অংশগ্রহণে মতবিনিময় সভার আয়োজন করলেও সেখান থেকেও কোন সমাধান আসেনি। উল্টো সেই মতবিনিময় সভার জবাব দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পদত্যাগ না করার ঘোষণা দেন বর্তমান সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ। আর এসবের কারণে সেই পুরোনো কথাই আবার যেন নতুন করে শোনা গেল সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদারের কণ্ঠে।
দেশের হকির এই অচলাবস্থায় সবচেয়ে ভুক্তভোগী থাকা খেলোয়াড়দের কথাটা সংগঠকদের নতুন করে ভাবার জন্যই আহ্বান জানালেন সাবেক তারকা হকি খেলোয়াড়রা।
শুধু খেলোয়াড়দের নয়, আন্তর্জাতিক হকি অঙ্গনে দেশের ভাবমূর্তির কথা বিবেচনা করা হলেও এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আবেদন জানালেন সাবেক তারকারা।
Ctgbarta24.com 24 hours Online News Paper