বায়েজিদ থানার ওসিসহ সাময়িকভাবে বরখাস্ত ৩ জন

সোমবার ,১৬ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

prodipচট্টগ্রাম : সুপার রিফাইনারির পণ্য আটক নিয়ে মামলা ও ধনাঢ্য শিল্পপতিকে হয়রানির কারণে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপর দুই জন হলেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং রেকর্ডিং অফিসার (এজাহারকারী)। রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাদের বরখাস্ত করা হয়।

বর্তমানে বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আবসার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান বলেন, পুলিশ সদর দপ্তর থেকে তিনজনের বরখাস্তের আদেশ এসে পৌঁছেছে। আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থ‍া নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুপার রিফাইনারির পণ্য আটক নিয়ে সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে তাদের বরখাস্ত করা হয়েছে।’

গত ৪ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ সুপার রিফাইনারি কারখানার ৯ হাজার লিটার কেএসও বোঝাই একটি ট্যাংকলরি আটক করে।  লরিতে অবৈধ তেল রয়েছে- এমন অভিযোগের প্রেক্ষিতে সেটি আটক করা হয়। এ ঘটনায় সুপার রিফাইনারি কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাসহ মোট ১০ জনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার এসআই সুজন বিশ্বাস বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।  মামলার তদন্ত করেন একই থানার এস আই একরামুল হক।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এ ঘটনার পর সুপার রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ পুলিশের আইজি বরাবরে তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন। আইজি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি তদন্ত শেষে পুলিশ কমিশনারসহ সাত কর্মকর্তাকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।

গণমাধ্যমে যে সাত পুলিশ কর্মকর্তার নাম এসেছে তারা হলেন, সিএমপির বায়েজিদ বোস্তামি থানার হয়রানিমূলক মামলার বাদী এসআই সুজন বিশ্বাস, একই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই একরামুল হক, মামলা রেকর্ডকারী থানার ওসি প্রদীপ কুমার দাশ, নগর পুলিশের উত্তর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি-পাঁচলাইশ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত উপকমিশনার (এডিসি-উত্তর) শেখ শরিফুল ইসলাম, উত্তর জোনের উপকমিশনার (ডিসি) পরিতোষ ঘোষ, এবং সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline