সোমবার ,১৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম প্রতিনিধি : এসএসসি পরীক্ষার ফরম পূরণে যেসব বিদ্যালয় অতিরিক্ত ফি আদায় করেছে তা এক সপ্তার মধ্যে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিযেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এছাড়া আগামীতে ভর্তি ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি আদায়ের নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান এবং শতাধিক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করা যাবে না এবং রশিদ ছাড়া টাকা গ্রহণ করা যাবে না। কেবল ডিসেম্বর মাস পর্যন্ত বেতন আদায় করা যাবে।
এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠার পর সোমবার বেসরকারি স্কুল প্রধানদের তলব করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
গত কয়েকদিন ধরে অতিরিক্ত ফি বিরোধী আন্দোলন করে আসছে নগর ছাত্রলীগ। রোববার (১৫ নভেম্বর)চট্টগ্রাম শিক্ষা বোর্ড ১২টি স্কুলকে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action