সোমবার ,১৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আলীনগর রেলবস্তি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় দেয়াল চাপায় একজন মারা যাবার গুজবকে কেন্দ্র করে স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশসহ অন্তত চার জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩ রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আলীনগর রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে আলীনগরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় একজন দেয়াল চাপা পড়েছে বলে গুজব ছড়িয়ে দেয় একটি মহল। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা বুলডোজারে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।
অভিযানে নেতৃত্বদানকারী পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, রেলের প্রায় ৩’শ বিঘা সম্পত্তিতে ৮শ’ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। ইতোপূর্বে এসব স্থাপনা সরিয়ে নেয়ার সুযোগ দেয়া হলেও দখলদাররা তা সরিয়ে না নেয়ায় গত রোববার থেকে এসব অবৈধ দোকানপাট ও বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action