চট্টগ্রামে শ্রীলংকান কারখানার পণ্য লুটের ঘটনায় গ্রেপ্তার আরো ৫

বুধবার, ১৮ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

grpচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে বিদেশি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যানভর্তি গার্মেণ্ট পণ্য ছিনতাইয়ে জড়িত আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতভর নগরীর হালিশহর, পাহাড়তলী, বন্দর এবং সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া পাঁচজন হল, মিজানুর রহমান (৩২), মহসিন মল্লিক (৩৫), আবু বক্কর সিদ্দিক প্রকাশ সাদ্দাম (২৬), জাকির হোসেন (৩০) এবং জসিম উদ্দিন (৩৬)।

এর আগে ১২ নভেম্বর বিকেলে নুরুল ইসলাম খোকন (২৮) ও মো. আজাদ হোসেন (২৫) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘পাঁচজন সংঘবদ্ধ কাভার্ড ভ্যান ডাকাত।  তারা সম্মিলিতভাবে পরিকল্পনা করে শ্রীলংকার কারখানার আমদানি করা গার্মেণ্ট পণ্য লুট করেছিল।  ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।’

পাঁচজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে শ্রীলংকান কারখানার কাভার্ড ভ্যান ছিনতাই করে গার্মেণ্ট পণ্য লুটের সঙ্গে জড়িত সবাইকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানান এস আই সঞ্জয় কুমার সিনহা।

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের ম্যাস ইন্টিম্যাস (বিডি) প্রাইভেট লিমিটেড নামে শ্রীলংকার একটি প্রতিষ্ঠান ভারত থেকে গার্মেন্ট পণ্যগুলো আমদানি করেছিল।

যশোরের বেনাপোলে গার্মেন্ট পণ্য বোঝাই করে কাভার্ড ভ্যানটি ১২ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় পৌঁছানোর পর সেটি ছিনতাই করা হয়।

অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে টেরিবাজার কাটা পাহাড় লেইন থেকে কিছু মালামাল উদ্ধার করে।  এরপর সিনেমা প্যালেস এলাকা থেকে ৯৪ রোল কাপড় ও কয়েকটি কার্টনসহ খোকন ও আজাদকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বায়েজিদ থানার রউফাবাদ এলাকা থেকে কাভার্ড ভ্যানসহ অন্যান্য মালামালগুলো উদ্ধার করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline