বুধবার, ১৮ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্পোর্টস ডেস্ক ঃ টি২০ ফরম্যাটে ছোট আর বড় দল বলে কিছু নেই। একটি কিংবা দুটি ওভারে পাল্টে যেতে পারে ম্যাচের চেহারা। তাই দেশি ক্রিকেটারদের তুলনায় বিদেশি ক্রিকেটারদের ওপর বেশি নির্ভর করছে বিপিএলে অংশ নেয়া দলগুলো। তবে বিপিএলের এই প্রতিযোগিতায় টিকে থাকতে শুধুমাত্র বিদেশিদের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না বলে মনে করছেন বরিশাল বুলসের বাঁ-হাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস।
বিপিএলের তৃতীয় আসরের পর্দা উঠছে ২০ নভেম্বর। আর ২২ নভেম্বর থেকে শুরু হবে ময়দানি লড়াই। তবে এবার দেশি-বিদেশি সংমিশ্রণে শক্তিশালী দল গঠন করেছে বরিশাল বুলস। বিদেশিদের তালিকায় আছেন ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, মোহাম্মদ সামির মতো তারকা খেলোয়াড়রা; কিন্তু বিদেশি তারকা খেলোয়াড় থাকলেও শুধুমাত্র তাদের ওপর নির্ভর করতে চান না শাহরিয়ার নাফীস। জিততে হলে স্থানীয় খেলোয়াড়দেরও পারফরম করা অত্যান্ত জরুরি বলে মনে করেন তিনি।
বুধবার মিরপুর একাডেমীর মাঠে অনুশীলন করে বরিশাল বুলস। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন নিজের এবং দলের লক্ষ্যের কথা। শাহরিয়ার নাফীস বলেন, ‘ক্রিস গেইল অনেক বড় মাপের ক্রিকেটার। তবে আমরা যদি এগারোজন খেলোয়াড় পারফর্ম না করি, তাহলে জয় পাওয়া কঠিন। তাই আমরা শুধুমাত্র বিদেশিদের ওপর নির্ভর করতে চাই না। জিততে হলে বিদেশিদের পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দেরও পারফরম্যান্স করা জরুরি। আমাদের স্থানীয় খেলোয়াড়েরা সবাই ভালো, ফিট এবং ফর্মে আছে। পাশাপাশি যদি বিদেশিরাও ভালো খেলে তাহলে সফলতা আসবেই।’
গত কয়েকদিন ধরে এক সঙ্গে অনুশীলন করছে বরিশাল বুলস। তাতে করে দলের মধ্যে একটি সম্বনয়ও তৈরী হয়েছে বলে মনে করছেন নাফীস। এভাবে সবাই কঠোর প্ররিশ্রম এবং দলগতভাবে ভালো খেলতে পারলে সাফল্য আসবে বলেও দারুণ আশাবাদি জাতীয় দলের সাবেক এই বাঁ-হাতি ওপেনার।
এ বিষয়ে শাহারিয়ার নাফীস বলেন, ‘আমাদের দলে বেশ ভালো মানের ক্রিকেটার রয়েছে। সপ্তাহ খানেক এক সঙ্গে অনুশীলন করেছি আমরা এবং কিছু অনুশীলন ম্যাচও খেলেছি। বুধবার মিরপুরে প্রথমবারের মতো দলীয় অনুশীলন শুরু করলাম। আমরা দলগত পারফরমেন্সে মনোযোগ দিচ্ছি। কারণ টি২০ এমন একটা খেলা, যেখানে বল এবং ব্যাটে সবাই অবদান না রাখতে পারলে নিজের পক্ষে ফলাফল আনা সত্যিই কঠিন। তাই আমাদের লক্ষ্য থাকবে সবাই মিলে যাতে পারফর্ম করতে পারি।’
সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন শাহরিয়ার নাফীস। সর্বশেষ রাউন্ডে করেছেন জোড়া সেঞ্চুরি। তাই আসন্ন বিপিএলে নিজের লক্ষ্য প্রসঙ্গে বাঁহাতি এ ব্যাটসম্যান বলেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য ভালোভাবে পারফর্ম করা। আল্লাহর রহমতে গত এক দেড় বছর ধরে আমি ভালো পারফর্ম করছি। চেষ্টা করবো এটা ধরে রাখার। তাই আমি চেষ্টা করবো কঠিন পরিশ্রম করতে।’
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন