সিটিজিবার্তা২৪ডটকম ঃ ছেলে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরছেন। মাথাটা প্রতিবারের মতোই এবারেও নত। আর কাছেই গ্যালারি থেকে বাবা-মা দুজন দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন ছেলের। না, মুশফিকুর রহিমের এই নতশির হতাশার নয়; আক্ষেপের। সেঞ্চুরি করেও শেষপর্যন্ত টিকে না থাকতে পারার। তাতে কি! রানের মূল ভিত তো গড়েছেন তিনিই।দীর্ঘদিন পর ব্যাট হাতে পুরনোরুপে মুশফিক। খেলা পাগল বাবা-মা কি বসে থাকতে পারেন? তাই চলে এলেন মিরপুর শেরে বাংল স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ভালোই হেসেছে সাদা পোশাকে বাংলাদেশ দলের অধিনায়কের ব্যাট। এদিন ১০৭ রানের ইনিংস খেলেন তিনি।
দুর্ভাগ্যবশত ক্রেমারের হাতে রানআউট হয়ে ফিরতে হয় তাকে। ড্রেসিংরুমে যখন ফিরছেন, তখন পাশের গ্যালারিতে বাবা ক্যামেরাটা তাক করে রেখেছিলেন মুশফিকের দিকেই। ঘটনাটি চোখ এড়ায়নি মাঠে থাকা আলোকচিত্রীরও।
শেষপর্যন্ত আগে ব্যাট করে জিম্বাবুয়েকে ২৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিক বাংলাদেশ দল। জবাবে, এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ সাত উইকেটে ১২০ রান।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
