শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম ঃ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা হয়ে গেছে। ১৪৫ রানের বিশাল জয় পেয়ে গেছে বাংলাদেশ। এই ম্যাচে বড় বড় অনেক ঘটনার আড়ালে কিছু ছোট ঘটনাও ঘটেছে, যেগুলো খুব একটা চোখে পড়ার মত নয়। তবে অসাধারণ। এমন কয়েকটি ঘটনাই তুলে ধরা হলো সিটিজিবার্তা২৪ডটকম https://www.ctgbarta24.com এর পাঠকদের জন্য।
ধারাভাষ্যকার মেহরাব
সদ্য সমাপ্ত ১৭তম জাতীয় ক্রিকেট লিগে (এননিএল) ঢাকা মেট্রাোর হয়ে খেলেছিলেন মেহরাব হোসেন জুনিয়র। তবে শনিবার মিরপুর স্টেডিয়ামে ভিন্ন রূপে তাকে দেখে চমকেই উঠলেন সাকিব আল হাসান। একি মাথায় লাল হ্যাট, সাদা শার্ট-কালো প্যান্টের সঙ্গে কালো টাই! তবে পোশাকের কারণে নয়, সাকিব এদিন চমকে ওঠেন মেহরাবের নতুন ভূমিকা দেখে। ‘ছোট’ মেহরাব শনিবার মাঠে আসেন ধারাভাষ্য দিতে। এখনো আনুষ্ঠানিকভাবে অবসরে না যাওয়া এই ক্রিকেটারের নবরূপ দেখে খানিকটা রসিকতা করলেন বাংলাদেশ ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। পরে অবশ্য দুজনের অভিনন্দনেই সিক্ত হন মেহরাব।
তামিমের ভিন্ন ভিন্ন ১৩ সঙ্গী
জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার ক্যারিয়ারে ১৫১তম ম্যাচটিতে খেলতে নেমেছেন তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে সঙ্গী হিসেবে তিনি পেয়েছেন লিটন দাসকে। এই নিয়ে ক্যারিয়ারে প্রতিটি ইনিংসেই বাংলাদেশের হয়ে ব্যাটিং শুরু করেছেন তামিম। আর এই দীর্ঘ পথে সঙ্গী হিসেবে পেয়েছেন মোট ১৩ জন ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে। অবশ্য জিম্বাবুয়ে সিরিজের জুটিটা প্রথম পরীক্ষায় ব্যর্থই। দলের ২ রানের সময়ই আউট হয়ে গেছেন লিটন।
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি এই জিম্বাবুয়ের বিপক্ষেই হারারেতে প্রথম বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন। সেদিন ওপেনিংয়ে তাঁর সঙ্গী ছিলেন শাহরিয়ার নাফীস। এরপর থেকে জাভেদ ওমর, জুনায়েদ সিদ্দিকী হয়ে সৌম্য সরকার কিংবা শনিবার লিটন দাস, ওয়ানডেতে তামিমের সঙ্গী বদলটা অব্যাহতই আছে।
আলিম দার যখন বোলার!
টসের আগে জিম্বাবুয়ের ওয়ার্মআপ চলার সময় মাঠে এলেন আলিম দার। জিম্বাবুয়ের বোলারদের কাছ থেকে বল চেয়ে নিলেন। উইকেট টু উইকেট বোলিং করে খানিকটা তাকও লাগিয়ে দিলেন সিকান্দার রাজাদের! চোখ কচলে বার কয়েক দেখতে হলো, আলিম দার তো?
খানিক পরে যাকে মাঠে নামতে হবে আম্পায়ারের ভূমিকায়। তিনি কি না বল হাতে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে! আম্পায়ারের পরিচয়ের আড়ালে অবশ্য অদৃশ্য হয়ে গেছে তার লেগ স্পিনার পরিচয়টাই। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আইসিসির এলিট প্যানেলের এ আম্পায়ারের। পেয়েছেন ১১ উইকেট। তবে এই পরিচয় আলীম দার নিজেই দেন না। খেলোয়াড়ি জীবনটা যত অনুজ্জ্বল ছিল, ততটাই শত গুণ উজ্জ্বল আম্পায়ারের জীবনটাই।
আলিম দার বোলিং করার পরই অবশ্য মজা করে তার দিকে এক আঙ্গুল উঁচিয়ে ধরেন বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবাল। অথ্যাৎ, আলিম দার আউট!
শেষ দশ ওভারে বাংলাদেশের রান ৭৩
শেষ ১০ ওভারেই যা রান বেশি হয়েছে বাংলাদেশের। ৪০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৪ উইকেট হারিয়ে ২০০ রান। শেষ ১০ ওভারে রান উঠেছে ৭৩টি। এর মধ্যে শেষ ওভারেই উঠেছে সর্বোচ্চ ১৯ রান। ৪৫তম ওভারে উঠেছে ১৪ রান। ৩৪তম ওভারে উঠেছে ১৫ রান। এছাড়া গড়ে রান উঠেছে ৬/৭ করে। তবে শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়েছে মাশরাফিরা।
মুশফিকের সাত হাজার রান
অসাধারণ সেঞ্চুরি করে দলের জয়ে বড় অবদানই রাখেননি শুধু, ক্যারিয়ারে দারুন এক মাইলফলকে পৌঁছেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি করার সুবাধে আন্তর্জাতিক ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক পার হয়ে গেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। টেস্টে ৪৮ ম্যাচে মুশফিকের রান ২৬৫০। ওয়ানডেতে ১৫৬ ম্যাচে তার রান ৩৮৭১। টি২০তে রান হচ্ছে ৫৫৮। সব মিলিয়ে মুশফিকের রান ৭ হাজার ৭৯।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

