বুধবার,২১ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
ক্যাম্পাস সংবাদ : সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিয়েই মানব জীবন। বৈচিত্র্যহীন জীবন বিষাদময় বড়ই যান্ত্রিক, বেদনাবিধূর হতে পারে। রাজপুত্রের জীবন সদাই সুখময় করে রেখেছেন রাজমাতা। ব্যাপারটি রাজপুত্রকে ব্যাথাতুর করে দিয়েছে। তাই সে বন্ধু সদাগর পুত্রের সাথে বেরিয়ে পড়েছে বিচিত্রের সন্ধানে, অজানার উদ্দেশে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বহু প্রচরিত ও দর্শক নন্দিত ‘তাসের দেশ’ নাটকের কাহিনীর অংশ বিশেষ । এরকম মানুষের মন, রুচি, আশা, আকাঙ্কার কাহিনী নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাটকটি আগামী ২৭ ও ৩০ অক্টোবর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট ও কাজী নজরুল ইসলাম মিলনায়তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হবে।
প্রায় দুই বছর পরে ‘তাসের দেশ’ নাটকের তৃতীয় মঞ্চায়ন আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম অডিটোরিয়ামে মঞ্চায়িত হওয়ার কথা রয়েছে। এ নাটকে বিভিন্ন চরিত্রে ৩২ জন শিক্ষার্থী অভিনয় করছে। ‘তাসের দেশ’ নাটকটির নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সভাপতি অসীম দাশ।
এছাড়াও তাসের দেশ ‘মিলি মৈত্রী বন্ধনে গড়ি সংস্কৃতির সেতু’ শ্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাট্যকলা বিভাগ আয়োজিত ‘বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব ২০১৫ আমন্ত্রিত হয়েছে। ৮ দিনব্যাপী নাট্যোৎসবের তৃতীয় দিনে (৩০ অক্টোবর’১৫) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটকের চতুর্থ মঞ্চায়ন হবে।
উল্লেখ্য, নাট্যোৎসবে অংশগ্রহণ করছে বাংলাদেশের ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় (চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়) নাট্যকলা বিভাগ। উৎসবে ঢাকা মহানগরীর নাট্যদল দৃশ্যপট ও প্রাঙ্গণেমোর, ভারতের ত্রিপুরার নাট্যভূমি, কলকাতার সুন্দরম ও কালিন্দী ব্রাত্যজনসহ ১০টি নাট্যপ্রযোজনা সংগঠন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন এর সভাপতিত্বে নাট্যোৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।