সোমবার, ১১ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
রাশেদুল করিম, চট্রগ্রাম : নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্ত্তক শ্রীকৃঞ্চ মন্দিরে অপরাধ নিয়ন্ত্রণে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আজ সোমবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল এ কার্যক্রমের উদ্বোধন করেন।
পুলিশ কমিশনার বলেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমেই পুরো নগরের অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে। মাজার, মসজিদ ও মন্দিরকেন্দ্রিক যে সব অপরাধ হচ্ছে তা নিয়ন্ত্রণের জন্য সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই পর্যায়ক্রমে সব মাজার, মসজিদ ও মন্দির সিসি ক্যামেরার আওতা আনতে হবে।
অপরাধী শনাক্তে প্রতিটি বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিভিন্ন আবাসিক হোটেলের মালিকদের প্রতিষ্ঠানের সামনে সিসিটিভি স্থাপনের অনুরোধ করেন তিনি । সিসি ক্যামেরা অপরাধ নিয়ন্ত্রণের জন্যে নয় বরং তা অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীকে শনাক্ত করার উদ্দেশ্যে স্থাপন করা হয়।অপরাধ যেন সংঘটিত না হয় সেদিকেও নিজেদের সর্তক থাকতে হবে। তিনি মন্দিরে অপরিচিত কিংবা সন্দেহভাজন কোনো ব্যক্তি দেখিলে তার ওপর বিশেষ দৃষ্টি রাখার জন্য পরামর্শ দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, উপ-পুলিশ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ-পুলিশ কশিনার মো. তারেক আহম্মেদ, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) আসিফ মহিউদ্দিন, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ, প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী, ইসকন চট্টগ্রামের সভাপতি লীলারাজ গৌর প্রমুখ উপস্থিত ছিলেন।

