বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিউজ ডেস্ক ঃ গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাসের দাম আরও একধাপ বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি দাম বাড়ানোর এই আদেশ দেয়। পুনঃনির্ধারিত মূল্য অনুযায়ী প্রাকৃতিক গ্যাসে ছাব্বিশ দশমিক দুই নয় শতাংশ এবং বিদ্যুতে দুই দশমিক নয় তিন শতাংশ হারে দাম বাড়ানো হয়েছে।
আগামী পহেলা সেপ্টেম্বর থেকে নতুন এই দাম কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও, দেশের বাজারে মূল্য সমন্বয় না করেই, গ্রাহক পর্যায়ে আরও একদফা বাড়ানো হলো গ্যাস ও বিদ্যুতের দাম। চলতি বছরের শুরুতেই বিদ্যুতের ৬টি ও গ্যাসের ৭টি বিতরণ কোম্পানির পক্ষ থেকে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছিলো, তারই ভিত্তিতে ৬ মাস পর এই দাম নির্ধারণ করলো সরকার।
বিইআরসি’র নির্ধারিত নতুন ট্যারিফ অনুযায়ী প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ছে ২৬.২৯ শতাংশ হারে। যেখানে ২০০ টাকা কোরে বেড়ে এক চুলার দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ এবং দুই চুলার ক্ষেত্রে তা ৬৫০ টাকা। অন্যদিকে, মিটার ভিত্তিক গ্যাসে প্রতি ঘনমিটারে আগের ৫.১৬ পয়সার জায়গায় ৭ টাকা মূল্য ধরা হয়েছে।
একই সঙ্গে বেড়েছে সিএনজি গ্যাসের দামও। প্রতি ঘনমিটারে ৫ টাকা বেড়ে এখন হয়েছে ৩৫ টাকা। এছাড়া শিল্প গ্যাস, চা-বাগান, বাণিজ্যিক ক্ষেত্রেও খানিকটা বেড়েছে গ্যাসের দাম। অপরিবর্তিত রয়েছে- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য।
অন্যদিকে, বিদ্যুতে দাম বেড়েছে ২.৯৩ শতাংশ হারে। তবে এক্ষেত্রে, অপরিবর্তিত রয়েছে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের মূল্যহার। এ পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের মূল্য কমেছে। ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের দাম বেড়েছে ১৩ পয়সা। ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের মূল্য বেড়েছে ১৫ পয়সা। ৩০১ থেকে ৪০০ ইউনিটের নীচে ব্যবহারকারীদের ক্ষেত্রে তা ২৫ পয়সা। ৪০১ থেকে ৬০০ ইউনিটের দাম বেড়েছে ১৯ পয়সা এবং ৬ শ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের দাম ৫ পয়সা হারে বাড়ানো হলেও, সেচখাতে বাড়ানো হয়নি কোনো দাম।
তবে, গ্যাস ও বিদ্যুতের পরিবর্তিত এই মূল্যের বোঝা নাগরিকদের খুব একটা ভোগাবে না বলে আশা- কমিশন চেয়ারম্যানের। তার যুক্তি, আগের চেয়ে বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা।
এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান বলেন, ‘গ্যাসের দাম এতো কম আর কোথাও নেই। অন্যান্য পণ্যের চেয়ে কোন অংশে বেশি বাড়েনি গ্যাসের দাম। এখন মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে।’
এছাড়াও নতুন নির্ধারণ করা ট্যারিফের ফলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করে কমিশন।
Ctgbarta24.com 24 hours Online News Paper