মঙ্গলবার ,২৭ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
অর্থনীতি সংবাদ : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য কর্মসূচি-এসডিজি’র কো-চেয়ার ডেভিড ডোনাহ।
এছাড়া, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও ১শ’ ৫০ জন বাংলাদেশি সেনা সদস্য নেয়ার পাশাপাশি শিগগিরই নারী সেনা সদস্যদেরও নেয়া হবে বলে জানিয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খায়ের।
জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ একে আব্দুল মোমেনের বিদায় সংবর্ধনায় বিভিন্ন দেশের মিশন প্রধান ও কূটনীতিকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে বাংলাদেশ মিশন। দীর্ঘদিনের সহকর্মীদের সাথে সৌহার্দ্য বিনিময় আর মধুর স্মৃতি চারণে মেতে ওঠেন কূটনীতিকরা।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জন এবং বিশ্বসভায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন জি-৭৭ গ্রুপের সাবেক সভাপতি ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের প্রার্থিতায় এগিয়ে থাকা ফিজি’র রাষ্ট্রদূত পিটার থমসন।
পিটার থমসন বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘে খুবই ভালো কাজ করছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেনও এতদিন এখানে দক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করেছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খায়ের।
তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন এই মুহূর্তে চোখে পড়ার মতো। আর এর জন্য দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বকে কৃতিত্ব দিতেই হবে। অংশগ্রহণের দিক দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বড় অংশীদার বাংলাদেশ যার পেছনে এখানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেনের অনেক বড় অবদান রয়েছে।’
বিশ্ব সভায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ায় বিদেশি বিনিয়োগ উৎসাহিত হয়েছে বলে জানালেন প্যান-এশিয়া বিজনেস চেম্বারস অব কমার্সের সহ-সভাপতি আজিজ আহমেদ।
বিদায়ী রাষ্ট্রদূত ড. মোমেন বলেন, বিশ্বে বাংলাদেশের অবস্থান আজ সুদৃঢ় ও শক্তিশালী। এ-অবস্থান অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। ড. মোমেনের উত্তরসূরিরাও একইভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action