ফ্রান্সে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

রবিবার, ১৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

franceআন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে ভয়াবহ হামলায় ১২৯ জন নিহত হওয়ার ঘটনায় ফ্রান্সে পালিত হচ্ছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বজনরা। বিমানবন্দরসহ পুরো ফ্রান্সেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইফেল টাওয়ারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপদে দেশে ফিরেছে ফ্রান্সে প্রীতি ম্যাচ খেলতে আসা জার্মান ফুটবল দলও।

এমন শোকাচ্ছন্ন সকালের মুখোমুখি হবে ফ্রান্স, তা হয়তো কল্পনাতেও ভাবেননি ফরাসীরা। গত রাতের ভয়াবহ ওই হত্যাকাণ্ড- কর্মচঞ্চল প্যারিসের চিরায়ত রূপ পাল্টে, যেন পড়িয়ে দিয়েছে শোকের পোশাক। পালিত হচ্ছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। ফাঁকা রাস্তাঘাট। ভিড় নেই বিপণী বিতানগুলোতেও। ঘটনাস্থলে জড়ো হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন স্বজনরা।

এক স্বজন বলেন, ‘চারিদিকে শূন্যতা অনুভব করছি। বুঝতে পারছি, গত রাতে কত বড় ট্রাজেডি ঘটে গেছে এখানে।’

শুক্রবার রাতের ভয়াবহ মুহূর্তগুলো যেন বার বার ফিরে আসছে নিজেদের আলোচনায়। ১৬ বছরের কিশোরী ভ্যালেন্টাইন পিলোনেস্কো। বলছিলেন কীভাবে ভাগ্যগুণে প্রাণে বেঁচে গেছে সে ও তার বাবা।

পিলোনেস্কো বলেন, ‘আমার অসুস্থ বাবার খুব কাছে দাঁড়িয়ে গুলি ছুড়ছিল এক বন্দুকধারী। আহত হবার অভিনয় করে, মাটিতে লুটিয়ে পরে, গোঙাতে থাকেন তিনি। সন্ত্রাসীটি বাবাকে পর পর দু’বার লাথি মারে। এতে সাড়া না পেয়ে বাবার মাত্র ৩০ সেন্টিমিটার দূরের মানুষগুলোকে গুলি শুরু করে।’

দৈনন্দিন কাজে যাদের ব্যস্ত সময় পার করার কথা, আহতদের চিকিৎসায় স্বেচ্ছা রক্তদানে জড়ো হয়েছেন হাসপাতালগুলোতে।

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ করে দেয়া হয়েছে ফ্রান্সের দর্শনীয় স্থান আইফেল টাওয়ার। বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে বিমানবন্দরগুলোকে।

নিরাপদেই দেশে ফিরেছে প্রীতি ম্যাচ খেলতে আসা জার্মান ফুটবল দল। আর আসন্ন জলবায়ু সম্মেলনও যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। নিশ্চিত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা’র যোগ দেবার বিষয়টিও।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline