রবিবার, ১৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
অর্থনীতি সংবাদ : সদ্য সমাপ্ত তিন দিনব্যাপী ল্যাপটপ ফেয়ারে প্রায় ১০ কোটি টাকার প্রযুক্তি পণ্য কেনা-বেচা হয়েছে। আয়োজকরা ব্যবসায়িক দিক থেকে এবারের মেলাকে সফল হিসেবেই দেখছেন।
তবে এখনকার তরুণ প্রজন্ম ল্যাপটপকে নতুন নতুন উদ্ভাবনী কাজে ব্যবহারের পরিবর্তে শুধুমাত্র চিত্তবিনোদনের মাধ্যম হিসেবে বেছে নেয়ায় এ ধরনের আয়োজন তথ্য প্রযুক্তি সম্প্রসারণে কতটা জোরালো ভূমিকা রাখছে তা নিয়ে সংশয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা।
মেলায় ঢোকার জন্য দর্শনার্থীদের দীর্ঘ লাইন, টিকেট কাউন্টার, আর স্টলগুলোতেও উপচে পড়া ভিড়। একটা মেলার স্বাভাবিক চিত্রের সব কিছুই পাওয়া গেল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের ল্যাপটপ মেলার শেষ দিনে।
কিন্তু যে উদ্দেশ্য নিয়ে প্রদর্শনীর আয়োজন, সেই তথ্য প্রযুক্তির উন্নয়ন আর সম্প্রসারণে কতটুকু অবদান রাখতে পেরেছে তা নিয়ে যেন কিছুটা সংশয় থেকেই যায়।
তবে, এ পরিস্থিতির জন্য প্রচলিত সনাতনী শিক্ষাব্যবস্থার সঙ্গে সরকারেরও সক্ষমতার অভাব রয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার বলেন, ‘মেলার মূল উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। মেলার প্রভাবটা যেন সারাবছর ধরে জনগণের মধ্যে থাকে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সরকারের যে পরিবর্তন হওয়া উচিত ছিল ততোটা এই সময়ে হয়নি।’
যদিও, বছর শেষে তিন দিনের এই আয়োজনকে শুধুই লাভ ক্ষতির অংক মেলানোর উপলক্ষ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।
আয়োজকদের দেয়া তথ্যমতে, এবারের মেলায় বিভিন্ন ব্রান্ডের দেড় হাজারের অধিক ল্যাপটপ আর কম্পিউটার এক্সেসরিসসহ বিক্রি হয়েছে প্রায় দশ কোটি টাকার প্রযুক্তি পণ্য।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action