বুধবার, ১৮ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
অর্থনীতি সংবাদ : আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) দুদিনব্যাপী বৈঠক। এই বৈঠকে সৌদি আরবের শ্রম বাজারে জনশক্তি রপ্তানি বিষয়টি গুরুত্ব দিচ্ছে সরকার।
বুধবার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে জেইসির বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইআরডি সূত্রে জানা যায়। বৈঠক উপলক্ষে ২৫ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের সৌদি প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছেছে ।
বৈঠকে সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সৌদি শ্রম উপমন্ত্রী ড. আহমেদ বিন ফাহাদ, বাংলাদেশের পক্ষে থাকবেন ইআরডি‘র সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন।
ইআরডির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসক ও গ্রাজুয়েট নার্সসহ দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়টিও প্রাধান্য পাবে।
এছাড়াও ব্যবসায়-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, ক্রীড়া ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি; বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি ও সৌদি আরব থেকে সার আমদানি বিষয়গুলো আলোচনায় উঠে আসবে।