ইসলামে নৃশংসতা

ctgbarta24.com

 

খোলা কলাম, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬

Terrorism_20160707_153323

রনিয়া রহিম : বাংলাদেশে আজকে ঈদ, আর এই ঈদের দিনে আমি পবিত্র কুর’আন শরীফের সবচাইতে ‘নৃশংস’ আয়াতের একটি নিয়ে আলোচনা করার জন্য শুরুতেই দুঃখপ্রকাশ করছি। কিন্তু এই আজকের দিনেও শোলাকিয়াতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, আর কিছুদিন আগের জঙ্গিবাদী আক্রমণ তো বোধহয় আমরা কেউই ভুলতে পারছি না। “সন্ত্রাসের ধর্ম নেই কিন্তু এই সন্ত্রাসীদের তো আছে” – এটা খুবই ন্যায়সঙ্গত একটি প্রতিফলন এই মুহূর্তে।

“আইসিস নাহয় মুসলিম নয়, তোমরা বলছো, কিন্তু এরা যদি মুসলিমদেরকেই দলে ভিড়াচ্ছে এতো সফলভাবে তাহলে ইসলামিক বিশ্বাসে কি এমন বাণী আছে যাতে করে এই মুসলমানদের মগজধোলাই এতো সহজে হচ্ছে?”

এই প্রশ্নগুলো আসাটা স্বাভাবিক, এবং সত্যি কথা, আমাদের বাকি সব মুসলিমদের দায়িত্ব এখন এই ব্যাপারে চোখকান খোলা।

আমি আমার ইসলাম-ভিত্তিক লেখাগুলোতে অনেকবারই বলি, পবিত্র গ্রন্থের আয়াতগুলো সবসময় প্রেক্ষাপট মিলিয়ে পড়তে হয়। আমাদের বিশ্বাস কুর’আনের বাণী চিরন্তন, আবার সেই সঙ্গে বলছি প্রেক্ষাপট মাথায় রাখতে হবে, তাহলে আর চিরন্তন হলো কি করে? ছোট করে উত্তরটা হচ্ছে স্রষ্টা আমাদের অন্ধবিশ্বাস চাননা, আমাদেরকে মগজ খাটাতে বলেছেন এবং মানবতাবাদী হতে বলেছেন।

তিনি একই সঙ্গে ন্যায়বিচার এবং মমতা দেখাতে বলেছেন, – এবং যদি একটিতে বেছে নিতে হয়, তাহলে মমতার প্রতি তাঁর পক্ষপাতিত্ব বেশি। এটা তাঁর নিজের সিদ্ধান্তের বেলায়  আছে, মহানবীর (সাঃ)’এর জীবনের গল্পগুলোতে আছে, এবং চার খলিফার বিভিন্ন উদাহরণেও পাবেন।

অর্থাৎ, যে সকল ‘নৃশংস’ আয়াতগুলো আছে, ইসলামিক স্কলারদের রায়, যে “কেন”টা বুঝতে হবে, কি হয়েছিলো সে আয়াতটি নাযিল হওয়ার নেপথ্যে সেটা জানতে হবে, ন্যায়বিচার সম্পর্ক স্বচ্ছ ধারণা থাকতে হবে, আর সেই থেকে সিদ্ধান্তে উপনীত হতে হবে। আর ন্যায়বিচারটা যেন আক্রোশ-ভিত্তিক নয়, বরং মানবিক মূল্যবোধ-সম্পন্ন হয়, এবং যদি বিন্দুমাত্র প্রশ্নবোধক চিহ্নও থাকে, যদি সময়ের পরিক্রমায় সমাজ/রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন এসে থাকে, তাহলে কমন সেন্স আর মানবতাকে প্রাধান্য দিতে হবে।

এই কারণেই দেখবেন বেশিরভাগ ইসলামিক স্কলারদের রায় হচ্ছে এইসব কন্ট্রোভার্সাল আয়াতের বেলায় যে এইগুলো খুবই সীমিত এক সময়ের ক্ষেত্রে প্রযোজ্য ছিলো, ব্যস এটুকুই। তাই এইগুলো ব্যবহার করে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে যারা, তারা কেবল মানবতার মাপকাঠিতে পাপী শুধু নয়, ধর্মের চিন্তাধারাতেও ভীষণ রকম ভুল!

এই আয়াতটি দেখুন, “আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে আর যারা এই ধরাতে হাঙ্গামা ঘটাবার চেষ্টায় লিপ্ত আছে, তাদেরকে হত্যা অথবা ক্রুশবিদ্ধ করতে হবে কিংবা তাদের হাত এবং পা উল্টোদিকে কেটে ফেলতে হবে অথবা তাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে; সেটা হবে এই পৃথিবীতে তাদের জন্য অপমানজনক শাস্তি, এবং পরকালেও তাদের জন্য রাখা আছে কঠোরতম সাজা!” (সুরাহ ৫: আয়াত ৩৩)

কী সাংঘাতিক নয় কি! কেউ যদি এখন আল্লাহর নবী(সাঃ)কে নিয়ে কার্টুন আঁকে, আর কোন রাষ্ট্র যদি মুসলমান আইনকানুন বা জীবনযাপন থেকে সরে আসতে থাকে, অর্থাৎ এসব যদি আল্লাহ এবং মহানবী (সাঃ)’র বিরুদ্ধে ‘যুদ্ধ’ হিসেবে দেখা হয়, তাহলে তো জঙ্গিরা যা করছে তা তো ঠিকই আছে! না ঠিক নাই! ঠিক নাই কারণ যদি আক্ষরিক অর্থেও এই আয়াতটি নেয়া হতো, তবুও এই শাস্তি দেয়ার বিধান আছে শুধু সম্পূর্ণ ইসলামিক এক রাষ্ট্রের, যার নিয়মকানুন হাজারটা।

কোন সংগঠন নিজেরা নিজেদের “ইসলামিক স্টেট” ঘোষণা করলেই আদতে ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে না!! (তাহলে তো আমিও নিজেকে যা খুশি তাই ঘোষণা করে যা খুশি তাই করে ফেলতে পারি; – কোন সুস্থ মানুষ কি তা মানবে? আপনারা যদি চার খলিফার শাসনামলের উদাহরণ দেখেন, মগজ এবং হৃদয়-বিহীন বিধান তাঁরা কেউ আরোপ করেননি – আর তাঁদেরকে শ্রেষ্ঠ মুসলমান হিসেবে গণ্য করা হয় – অনেকটা ইউটোপিয়ান ছিলো তাদের ভাবসাব। সেইরকম নিখুঁত ‘ইসলামিক’ রাষ্ট্র এইমুহূর্তে কোথাও নেই, আর সেই জন্যই বেশিরভাগ ইসলামিক স্কলাররা এইসব নৃশংস আয়াতকে কেবলমাত্র ঐতিহাসিক প্রেক্ষাপটে লিমিট করে রাখেন *এবং* আইসিসকে সত্যিকারের ‘ইসলামিক’ বলে বিন্দুমাত্র পাত্তা দেননা!

এবার তাহলে নির্দিষ্ট এই আয়াতটির প্রেক্ষাপট দেখি:

একদল বেদুঈন মহানবী (সাঃ)’র কাছে আশ্রয় চেয়েছিলো, কিন্তু পরে মদীনার নাগরিক জীবন তাদের সহ্য হচ্ছে না এই বাহানা দেখিয়ে সরে যেতে চেয়েছিলো। নবী (সাঃ) রাজী হলেন, এবং সসম্মানে শুধু যেতেই দিলেন না, সঙ্গে করে কিছু উট দিলেন তাদের যাতায়াত পথে ভরণপোষণের সুবিধার্থে, সঙ্গে একজন রাখাল বালক (উট-রক্ষক)।

বেদুঈন’রা করলো কি, যে’ই শহর-সীমানার বাইরে চলে এলো, সেই উটচালককে নৃশংসভাবে হত্যা করে সেই উটগুলোকে নিয়ে পালালো। এই দলটি যখন মহানবী (সাঃ)’র কাছে এসেছিলো, তখন ইসলাম ধর্মটি তারা গ্রহণ করেছিলো ঠিকই, কিন্তু সেটা মন থেকে নয়; শহরের বাইরে যেতেই, সে খুন আর চুরি করেই তারা পালালো, ইসলামের কোন নামগন্ধ রইলো না তাদের আচরণে, – অর্থাৎ, এই ধর্মগ্রহণটাও তাদের নাটকই ছিলো, নবী (সাঃ)’কে ধোঁকা দিয়ে তাঁর আস্থাভাজন হওয়ার লক্ষ্যে।

এই ঘটনার পর উপরোক্ত আয়াতটির নাযিল হওয়া; এবং বেশিরভাগ স্কলারদের মত হচ্ছে, যেহেতু এই দলটি একজন সাধারণ, নিরীহ বালককে ভীষণ রকম নৃশংসতার সাথে হত্যা করেছিলো, – সঙ্গে আরো পাপ ছিলো, যেমন চুরি এবং জোচ্চুরি – তাদের শাস্তিটাও উত্তরে এমনই নৃশংস ছিলো। আমরা যখন আয়াতটি পড়বো, সেখান থেকে “ন্যায়বিচার”-এর অংশটা শিখতে হবে, এবং, (রাষ্ট্রীয়ভাবে/আইনী মতে) একাধিক পাপের যে একাধিক শাস্তি একসাথে দেয়া যাবে, সেটা শেখা যাবে। কিন্তু আপনি নিজে নিজে কাউকে আল্লাহ অথবা মহানবী (সাঃ)’র শত্রু বানিয়ে দিবেন, তারপর তলোয়ার হাতে “আল্লাহু আকবার!” ডাক ছাড়তে ছাড়তে তার গর্দানে কোপ বসাবেন, – জ্বীনা স্যার, তার বিন্দুমাত্র অধিকার আপনার নাই! এটা যারা করে তারা তো ঘোর পাপীই, আর যারা এইসব আয়াতের দোহাই দিয়ে ব্যাখ্যা দিতে আসে সেইসব জঙ্গিবাদীরা সঠিক, ঐ রক্তের লাল তাদেরও সারা শরীরে লেগে আছে, এই দায়িত্ববোধ এখন আর এড়িয়ে গেলে চলবে না মোটেও!

আবারও, আমি দুঃখপ্রকাশ করছি ঈদের দিনে এইরকম নৃশংসতার রেফারেন্স খুলে বসলাম আপনাদের সামনে। – কিন্তু এইসব প্রত্যক্ষ আর পরোক্ষ জঙ্গিবাদী মুসলিমদের বিরুদ্ধে আমরা যারা মানবতাবাদী মুসলমান আছি, আমরা যদি ধর্মীয় রেফারেন্সসহ এখনই মুখ না খুলি, তাহলে আর কবে? – আর এই নিন, আমার রেফারেন্স নিজেরাই যাচাই করে নেবেন: নিচের লিঙ্কে ক্লিক করে

The Quran in Context

ধন্যবাদ!

রনিয়া রহিম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার গঠনমূলক এবং সুখপাঠ্য লেখার জন্য সুপরিচিত। মুক্তিযুদ্ধের সত্য গল্প সংগ্রহ এবং সংরক্ষনে তার নেয়া উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

গাজীপুরে জাল টাকাসহ যুবককে গণপিটুনি মঙ্গলবার, ০২ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  মুহাম্মদ আতিকুর রহমান আতিক গাজীপুর জেলা প্রতিনিধি ঃগাজীপুরের টঙ্গীতে জাল টাকাসহ এক যুবককে গণপিটুনি দিয়ে...
গাজীপুরে প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমান আদালতের জরিমানা... মঙ্গলবার, ০২ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  মুহাম্মদ আতিকুর রহমান আতিক গাজীপুর জেলা প্রতিনিধি ঃ২ আগস্ট মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গীর ষ্টেশনরোড এ...
গাজীপুরে স্ত্রীসহ ৩ জনকে হত্যার ঘটনায় আটক ৩... মঙ্গলবার, ০২ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  গাজীপুরে স্ত্রীসহ ৩ জনকে হত্যার ঘটনায় আটক ৩ মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপ...
গ্রেফতার পাঁচ ‘আনসারুল্লাহ’ সদস্য রিমান্ডে... মাহাবুবুল করিম ।  ২ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: বন্দর নগরীর পতেঙ্গার কাটগড় মুসলিবাবাদ এলাকা থেকে গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য যুবককে তি...
মিতু হত্যাকান্ডে ‘অস্ত্রসরবরাহকারী’ ভোলা ফের রিমান্ডে... রাশেদুল করিম ।  ২ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: সাহসী পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের মামলায় গ্রেফতারকৃত অস্ত্রসরবর...



Translate »