গুলিস্তান থেকে হকার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি মেয়রের

বৃহস্পতিবার ,১২ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

gulistanনিউজ ডেস্ক : রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একই সাথে হকারদের তালিকা করে তাদের পুনর্বাসনেরও ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১২টায় নগর ভবনে হকারদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র এ ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘এখন থেকে গুলিস্তানের রাস্তায় ও ফুটপাতে কোনো হকার বসবে না। হকারদের কাছ থেকে চাঁদাবাজিও চলবে না। কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাকে পুলিশে দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা খুব অল্প সময়ের মধ্যে রাজধানীর হকার্সদের একটি তালিকা তৈরি করবো। সেই তালিকা অনুযায়ী তাদেরকে পুনর্বাসন করা হবে।’

এ সময় মেয়র গুলিস্তান এলাকার যানজটসহ সার্বিক উন্নয়নকল্পে কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমদকে আহ্বায়ক করে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক মো. হারুন-উর-রশীদ, সিনিয়র সহ-সভাপতি খোকন মজুমদার, জাহাঙ্গীর জোয়ার্দার, কর্পোরেশনের রাজস্ব শাখার উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, সংশ্লিষ্ট অঞ্চল (১, ২ ও ৪) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী (অঞ্চল ১, ২ ও ৪), মেয়রের একান্ত সচিব কবীর মাহমুদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, র‌্যাব ও পুলিশের একজন করে প্রতিনিধি।

মেয়র বলেন, ‘গুলিস্তান এলাকার সার্বিক উন্নয়নের জন্য কমিটি করা হয়েছে। এই কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।এরপর প্রতিবেদনের ভিত্তিতে অভিযান চালানো হবে।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেশনের সচিব খান মো. রেজাউল করিম, প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদা আহমেদ প্রমুখ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.