সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-07-03 09:35:50 PM BdST
ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস ও ঘৃণ্য সন্ত্রাসী হামলায় শোকার্ত গোটা দেশ। ইসলামের নামে জঙ্গি-সন্ত্রাসীদের এমন পৈশাচিক অমানবিক হত্যাকান্ডে বাকরুদ্ধ, হতবিহবল সবাই। শোক ছুঁয়ে যাচ্ছে মাশরাফি-তামিমদেরও।
শুক্রবার রাতে গুলশানের ওই রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় বিস্মিত ও মর্মাহত তামিম ইকবাল। ঘটনার নিন্দা জানিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে একের পর এক টুইট করেছেন বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার। একটি টুইট বার্তায় তামিম লিখেছেন, ‘এটা আমাদের দেশের আসল ছবি না। আমাদের যেন আর কখনো এভাবে পরিচিত হতে না হয়। হে আল্লাহ, আমার দেশ-ঘরকে শান্তিতে রাখুন!’
আরও একটি টুইট বার্তায় দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান লিখেছেন, ‘গত রাতে হলি আর্টিজানে যা হলো এটা বাংলাদেশের চেহারা নয়।’ এ ছাড়া হ্যাশ ট্যাগে লিখেছেন, ‘প্রে ফর ঢাকা’ বা ‘ঢাকার জন্য প্রার্থনা’।
তামিমের মতো তাঁর সতীর্থরাও জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজের প্রোফাইল ছবিটি কালো করে দিয়েছেন।
সেখানে হ্যাশ ট্যাগে লেখা ‘প্রে ফর ঢাকা’। তাঁর কভার ছবিতে রয়েছে মুক্তিযুদ্ধ চলার সময়ে ব্যবহৃত বাংলাদেশের পতাকার ছবি।
ফেসবুকে প্রোফাইল ছবি পরিবর্তন করে শোক জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুমিনুল হকের মতো তারকারাও। ছবির নিচের অংশে পতাকায় লেখা ‘উই আর বাংলাদেশ’।



You must log in to post a comment.