জেলা প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম
বুধবার, ৬ জুলাই ২০১৬
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মাঠে প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। জানা যায়, চলতি বছরের ১২ আগস্ট থেকে আগামী বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে এ সিটি কর্পোরেশনের নির্বাচন হতে পারে। ইতিমধ্যেই এলাকার বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন আর পোস্টার লাগিয়েছেন কয়েকজন প্রার্থী। তারা পোস্টারে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কয়েকজন ইফতার পার্টি করে তাদের প্রার্থীতার বিষয়ে জানান দিয়েছেন।
প্রার্থী হওয়ার আলোচনায় রয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আরফানুল হক রিফাত, এফবিসিসিআই‘র পরিচালক ও আওয়ামীলীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মহানগর আওয়ামী লীগ নেতা নূর-উর-রহমান মাহমুদ তানিম, মহানগর আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিঠু ও জাপা নেতা (জাফর) এয়ার আহমেদ সেলিম।
নির্বাচনের বিষয়ে বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু বলেন, দলের সিদ্ধান্ত ও নির্বাচনকালীন সময়ের ওপর নির্ভর করবে তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আরফানুল হক রিফাত বলেন,দলের কাছে মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচন করবো।
এফবিসিসিআই‘র পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান বলেন,দলের কাছে মনোনয়ন চাইবো। আশা করছি দল তাকে মনোনয়ন দেবে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নূর-উর-রহমান মাহমুদ তানিম বলেন, ছাত্র রাজনীতির পর থেকে সিটি নির্বাচনের জন্য নিজেকে ১৫ বছর ধরে তৈরি করেছি। দলের কাছে মনোনয়ন চাইবো। এ মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু বলেন, নির্বাচন করতে দলের মনোনয়ন চাইবো। মহানগর আওয়ামী লীগের কমিটি থাকলে সেই কমিটি দলীয় প্রার্থী নির্ধারণ করতে পারতো।
জাপা নেতা এয়ার আহমেদ সেলিম বলেন, নির্বাচনকালীন পরিস্থিতির ওপর তার প্রার্থীতা নির্ভর করছে।
২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সিটি কর্পোরেশনের বর্তমান ভোটার ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন।



You must log in to post a comment.