সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-07-02 04:55:23 AM BdST
রাজধানী ঢাকার গুলশানে রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলার ঘটনায় ইতালির ৭ নাগরিক জিম্মি রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন টিভি রাইকে এ তথ্য জানিয়েছেন তিনি।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় ইতালির এক নাগরিক পালিয়ে যেতে পেরেছেন। তিনিই পুলিশকে জানান, রেস্টুরেন্টের ভেতরে ৭ ইতালির নাগরিক রয়েছেন।
মারিও পালমা জানান, জিম্মি ইতালীয়রা সবাই ব্যবসায়ী।
আইএস হামলাটির দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট ইন্টিলেজিন্স। আইএস দাবি করেছে, রেস্টুরেন্টে আইএস ২৪ জনকে হত্যা করেছে এবং আহত হয়েছেন আরও ৪০ জন।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারির ভেতরে গোলাগুলি শুরু হয়। রেস্টুরেন্টটি লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের কাছে অবস্থিত।
এ ঘটনায় ডিবির এসি রবিউল করিম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হয়েছেন। এছাড়া পুলিশ অর্ধশত আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, এডিসি আহাদুল ইসলাম, পুলিশ কনস্টেবল প্রদীপ (২৮), পুলিশ কনস্টেবল আলমগীর (২৬) ও মাইক্রোবাস চালক আব্দুর রাজ্জাক (৩০)। এ সময় হোটেলের ভেতরে ৪ জন জাপানি নাগরিকসহ প্রায় ২০ জিম্মি হয়ে পড়েছেন।
একই ভবনে ও কিচেন নামে আরেকটি রেস্টুরেন্ট আরও ৫ জনকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা ব্যস্ত আছি। এর বেশি কিছু এখন বলা যাচ্ছেনা|



You must log in to post a comment.