নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
রবিবার, ১৭ জুলাই ২০১৬
সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে শফিক রেহমানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ আদালত।
আজ রবিবার (১৭ জুলাই) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেন শফিক রেহমানের আইনজীবী আসাদুজ্জামান।
গত ৭ জুন হাইকোর্ট শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করেন। ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তিনি।
পরে চেম্বার বিচারপতির আদালত ১৪ জুলাই বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ওই দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আদেশের জন্য ১৭ জুলাই তারিখ ধার্য করেন।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়।
১৬ এপ্রিল ডিবি নিউ ইস্কাটন গার্ডেনের বাসা থেকে শফিক রেহমানকে আটক করে। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানার পুলিশ। সেদিনই তাঁকে ওই মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।



You must log in to post a comment.