নিজস্ব প্রতিবেদক । ১৪ জুলাই ২০১৬
প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমানের জামিন বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী রবিবার আদেশ দেবেন আপিল বিভাগ
বৃহস্পতিবার (১৪ জুলাই) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ২৯ জুন হাইকোর্টে জামিন আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন সাংবাদিক শফিক রেহমান।
এ আবেদন শুনানির জন্য ১৪ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত।
গত ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জমান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দেন।
গত ২৫ মে জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের জামিন চেয়ে আবেদন করেন সাংবাদিক শফিক রেহমান।
এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই মামলায় শফিক রেহমানের জামিন নামঞ্জুর করেন।
গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।



You must log in to post a comment.