মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সাথে তাঁদের স্ত্রী-স্বজনরা ১৫ জুলাই শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগর-২ এ সাক্ষাৎ করেছেন।
কাশিমপুর কারাগার-২ এর জেলার মোঃ নাশির আহমেদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদ সকাল ১০টার দিকে তাঁর স্বামীর সাথে সাক্ষাৎ করতে আসেন। অপরদিকে বেলা ১১টার দিকে মান্নার সাথে সাক্ষাৎ করতে আসেন তাঁর স্ত্রী মেহের নিগার ভাই শাহিন বেগ ও দিদার আহমেদ এবং ভাতিজি রেজুয়া সুলতানা লুনা।
মাহমুদুর রহমান মান্না ও মাহমুদুর রহমান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী রয়েছেন।
কারাগারের কর্মকর্তারা জানান, সাক্ষাতে দুই কারাবন্দীর পরিবারের সদস্যরা আধা ঘণ্টার মতো সময় কাটান।
ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার সরকার উৎখাত নিয়ে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে ফোনালাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে পুলিশ। পরে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে ২০১৫ সালের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে মামলা দুটি হয়। এরপর থেকেই কারাগারের আছেন।
দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ২০১৩ সালের ১ এপ্রিল গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিনি কারাবন্দী। বারবার জামিনের আবেদন করেও মুক্তি পাননি তিনি।
একই কারাগারে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানও বন্দি রয়েছেন।



You must log in to post a comment.