নিজস্ব প্রতিবেদক । ১৮ জুলাই ২০১৬
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
সোমবার (১৮ জুলাই) আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৮ আগস্ট নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
এই মামলায় আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়ার আদালতে হাজির না হওয়ায় তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
২০১৫ সালের ৫ আগস্ট সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও কোকোকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। খালেদা জিয়ার পক্ষে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়।
হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে খালেদা জিয়াকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করার আদেশ দেন।



You must log in to post a comment.