খেলা ডেস্ক । ১৪ জুলাই ২০১৬
গত মাসেই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন অ্যান্তোনি গ্রিজমান। সদ্য শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপ আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
তাই ফরাসি এই তারকাকে পেতে প্রস্তাব দিয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়ন দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গ্রিজমানের প্রতিনিধি এরিক ওলহ্যাটস এ কথা জানিয়েছেন।
ইউরোপের সেরা ক্লাবগুলো গ্রিজমানকে নজরে রাখলেও আপাতত ক্লাব ছাড়ার কোনো ইচ্ছে নেই তার। ভিসেন্তে ক্যালদেরনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদেই থাকতে চান ২৫ বছর বয়সি এই তারকা।
আরএমসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ওলহ্যাটস জানান, ‘পিএসজির পক্ষ থেকে একটি অফার ছিল। কিন্তু আমি শতভাগ নিশ্চিত যে সে এখানেই (অ্যাটলেটিকো) চালিয়ে যাবে।’
ঘরের মাঠে ইউরো ২০১৬ আসরে সেরা পারফরম্যান্সের জন্য গোল্ডেন বুটের পুরস্কার জেতেন গ্রিজমান। অ্যাটলেটিকোর কৌশলী কোচ ডিয়েগো সিমিওনের অধীনে চালিয়ে যাওয়ার কথা আগেই জানিয়েছেন গ্রিজমান। বলেন, ‘আমি এই পরিবারের সঙ্গে খেলতে পেরে খুবই সুখী। ক্লাবটির পরিকল্পনা আমার খুবই পছন্দ।’
২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন গ্রিজমান। মাদ্রিদের এই ক্লাবটির হয়ে ১০৭ ম্যাচে ৫৭ গোল করেছেন ফরাসি এই তারকা।



You must log in to post a comment.