নিজস্ব ডেস্ক । ১৩ জুলাই ২০১৬
চট্টগ্রামের মিরসরাইয়ের অটোরিকশাচালক রেজাউল করিম ওরফে আজিজ খুনের ঘটনায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ শহীদুল্লাহ ও সাইফুল ইসলাম। আজ মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল ইসলাম রাতে বলেন, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। গত মে মাসে এটি নামঞ্জুর হওয়ায় ফাঁসি কার্যকর করা হয়েছে। এর আগে নিয়ম অনুযায়ী আসামিদের শেষ ইচ্ছে পূরণসহ স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করানো হয়েছে।
কারাগার কর্তৃপক্ষ জানায়, আসামি শহীদুল্লাহ তাজুল ইসলামের এবং সাইফুল ইসলাম কামাল উদ্দিনের ছেলে। তাদের বাড়ি মিরসরাই উপজেলায়।
সাইফুলের বাবা কামাল উদ্দিন রাতে মুঠোফোনে বলেন, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ২ টা পরিবারের সদস্যরা কারাগারে সাইফুলের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় সে কান্নাকাটি করেছে। তার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে।
কারা সূত্র জানায়, ২০০৪ সালের ২০ মে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালক রেজাউল করিম ওরফে আজিজের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ছোট ভাই মিয়াধন বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ শহীদুল্লাহ, সাইফুল ইসলাম ও মীর হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় শহীদুল্লাহ ও সাইফুল। পরের বছরের ২৯ নভেম্বর তৎকালীন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুর রহমান পাটোয়ারি এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে শহীদুল্লাহ ও সাইফুলকে ফাঁসি এবং মীর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
এ রায়ের বিরুদ্ধে কারাগারে আটক শহীদুল্লাহ ও সাইফুল হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ৩১ জানুয়ারি হাইকোর্টের আপিল বিভাগ নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রাখেন। এ আদেশের বিরুদ্ধে দুই আসামি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। ২০১৩ সালের ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ ডেথ রেফারেন্স বহাল রাখেন। পরের বছরের ২ ফেব্রুয়ারি আসামিরা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। এটি নামঞ্জুর হওয়ার পর গতকাল রাতে তাদের ফাঁসি কার্যকর করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ৪৬ জন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি রয়েছেন। তারা সবাই জেল আপিল করেছেন।



You must log in to post a comment.