শনিবার, ০৯ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থাকতে বিএনপি একাত্তরের আলবদরদের মত নির্যাতন চালিয়েছিল।
শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্য রাখেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছিল।
তিনি বলেন, ১৯৯১ সালে ক্ষমতায় এসে বিএনপি দুর্নীতি-অনিয়ম, অত্যাচার-নির্যাতন চালায়। এর ফলে ১৯৯৬ সালে জনরোষে বিদায় নিতে বাধ্য হয়, ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন করেও টিকে থাকতে পারেনি দলটি’।
২০০১ সালে বিএনপি, জামায়াত দলের সমর্থনেই ক্ষমতায় এসেছিল উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, সেবার পাকিস্তানি সেনাবাহিনীর মতোই অত্যাচার-নির্যাতন চালিয়েছিল দেশজুড়ে। বাবা-মা নৌকায় ভোট দেওয়ার অপরাধে নয় বছরের শিশুকে পর্যন্ত ধর্ষণ করা হয়।
১৯৯৬ সালে একবার ও ২০০৮ সালের পর থেকে দু’বার ক্ষমতায় আসার প্রেক্ষাপট ও তিনবারের সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি যুক্ত করেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের প্রকৃত উন্নয়ন হয়, দেশের মানুষ কিছু পায়।
উন্নয়নের প্রসঙ্গ এনে তিনি বলেন, ২০০৮ সালে নির্বাচনী ইশতেহার ছিল ভিশন-২০২১। ২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে চাই, সেটাই ভিশন। শুধু তাই নয়- এখনই আমাদের মাথাপিছু আয় বেড়েছে, বৈদেশিক রিজার্ভ বেড়েছে। বিশ্ব স্বীকৃতি পেয়েছি। আমরা দক্ষতার সঙ্গে দেশ চালিয়েছি বলেই এমনটা পেরেছি।
