সিটিজিবার্তা নিউজ ডেস্ক । ১৪ জুলাই ২০১৬
উলানবাটোরে অনুষ্ঠেয় ১১তম এশিয়া-ইউরোপ দুই দিনের শীর্ষ সম্মেলনে (আসেম) যোগ দিতে মঙ্গোলিয়ার উদ্দেশ্য ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসেম হচ্ছে ৫১টি এশিয়া ও ইউরোপের দেশ ও দু’টি আঞ্চলিক সংস্থার একটি ফোরাম। আরও বেশি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বৈশ্বিক শৃঙ্খলা অর্জনের লক্ষ্যে ইউরোপ ও এশিয়ার মধ্যে প্রয়োজনীয় সব পর্যায়ে সম্পর্ক গভীর করতে এটি গড়ে তোলা হয়েছে।
প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১০টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচআইএসএ) ছাড়বে। মঙ্গোলিয়ার স্থানীয় সময় বিকেল ৬টা ৫০ মিনিটে ওই ফ্লাইটটি চেংগিস খান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।
মঙ্গোলিয়া বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম এবং মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ও অ্যাম্বাসিডর অ্যাট লার্জ পি. সাগান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে আসেম ভিলায় নিয়ে যাওয়া হবে। এখানেই তিনি দু’দিনের সফরকালে অবস্থান করবেন।
শুক্রবার প্রধানমন্ত্রী এই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
প্রধানমন্ত্রী শুক্রবার সুইস প্রেসিডেন্ট জন স্কনেইদার, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব, জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনির সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী শনিবার মায়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও, ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের সভাপতি জেন ক্লাউড জুনকারের সঙ্গে বৈঠক করবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সঙ্গে অনুষ্ঠেয় এসব বৈঠকে দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশে সাম্প্রতিক দু’টি সন্ত্রাসীর হামলার প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলায় সরকারের দৃঢ় অঙ্গীকারের বিষয় তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ২০১২ সালে এই ফোরামে যোগ দেয়। খবর বাসস।



You must log in to post a comment.