আফসানা জেরিন খান । ১৮ জুলাই ২০১৬
গুলশান ও শোলাকিয়া হামলার ব্যাপারে নিজের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, গোয়েন্দাদের কাছে যে আগাম তথ্য ছিল, তাতে সুনির্দিষ্ট করে আর্টিজান বা শোলাকিয়ায় হামলা হবে তা ছিল না। তথ্য ছিল, বিভিন্ন স্থানে হামলা হতে পারে। সেখানে গুলশানের কথাও বলা ছিল।
সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ ব্যাখ্যা দেন মন্ত্রী।
গতকাল রবিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিকদের সঙ্গে সরকারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার ব্যাপারে সরকারের কাছে আগাম গোয়েন্দা তথ্য ছিল। গুলশানের ঘটনা ঘটার তিন মিনিটের মাথায় সেখানে পুলিশ পৌঁছায়। পুলিশ আধা ঘণ্টার মধ্যে ঢুকে যেতে পারত। কিন্তু জিম্মিরা তখন কী অবস্থায় ছিলেন, সেটা বিবেচনা করতে হয়েছে।
ওই বক্তব্যের বিষয়ে আজ ব্যাখ্যা দিতে গিয়ে আসাদুজ্জামান খান বলেন, হামলা হতে পারে—এ ধরনের গোয়েন্দা প্রতিবেদন প্রায়ই আসে। সে জন্য তাঁরা বিভিন্ন স্থানে নিরাপত্তা বাড়িয়েছিলেন এবং সম্প্রতি এসব হামলার ঘটনার পরই সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।



You must log in to post a comment.