জাহিদুর রহমান তারিক, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ১৬ জুলাই ২০১৬
ঝিনাইদহ প্রতিনিধিঃ জেলার কালীগঞ্জে সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে আব্দুল হাই (৩৫) নামে মসজিদের এক ইমামকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রাম থেকে দু’টি মটরসাইকেলে ৪ জন তাকে তুলে নিয়ে যায়।
এ ঘটনার পর এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি। এদিকে কালীগঞ্জ থানা পুলিশ এ নামের কাউকে আটক না করলেও ঘটনাটি মৌখিক শুনেছেন বলে জানান। ষাটবাড়িয়া মসজিদের ইমাম ও পেশায় হোমিও চিকিৎসক আব্দুল হাই ওই গ্রামের মৃতঃ আশরাফ মহুরির ছেলে।
আব্দুল হাইয়ের পরিবার ও এলাকাবাসীরা জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ মেধাবী ছাত্র আব্দুল হাই ষাটবাড়িয়া গ্রামের মসজিদে ইমামতি ও বাচ্চাদের আরবি পড়াতেন। বুধবার দুপুর ১ টার দিকে দুই মটরসাইকেলে করে ৪ জন সাদা পোশাকের লোক এসে তাকে তুলে নিয়ে যায়। এ সময়ে উপস্থিত প্রতিবেশিরা ঘটনা জানতে চাইলে তারা আইনশৃংখলা বাহিনীর পরিচয় দেয়।
এলাকবাসীরা আরো জানায়, হাইকে তুলে নিয়ে যাবার প্রায় ১ ঘন্টা পর সেখানে র্যাব ও ডিবি পুলিশের দুটি টিম উপস্থিত হয়ে কয়েকটি বাড়িতে তল্লাশী চালায়। এ সময়ে র্যাব স্থানীয় এক ইউপি সদস্যকে তাদের গাড়ীতে তোলার কিছু সময় পর আবার তাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে বিকালে হাই এর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানা পুলিশ ও বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তার কোন খোঁজ পায়নি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জানান, তার থানার কোন পুলিশ উক্ত গ্রামে অভিযান চালায়নি। আর হাই নামের কাউকে আটক না করলেও ঘটনাটি মৌখিক তিনি শুনেছেন বলে জানান।



You must log in to post a comment.